
নারায়ণগঞ্জে দোকান ও বাড়ি ভাড়া আদায় এবং নির্মাণকাজ তদারকি করতে গিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইসহাক নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে ইসহাক উল্লেখ করেন, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিয়োগকর্তার মালিকানাধীন সম্পত্তিতে দোকান ও বাড়ির ভাড়া আদায় এবং নির্মাণকাজ তদারকি করতে গেলে মনিরুল ইসলাম (৬৫), ইয়াছিন আরাফাত জিসান (৩৭), মো. দুলাল (৪১), নুরুল আমিন পাবেল (৩৫), মো. আলাউদ্দিন (৪২) ও আলমাছ মোল্লা (৫৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তার প্রতিষ্ঠানে প্রবেশ করে কাজে বাধা দেন।
অভিযোগে বলা হয়, এ সময় অভিযুক্তরা ওই জায়গা নিজেদের দাবি করে সেখানে ভাড়া আদায় ও কাজ তদারকি করতে নিষেধ করেন। জায়গাটি নিয়ে ভূমি অফিসে মামলা চলমান রয়েছে বলেও তারা দাবি করেন।
ইসহাকের অভিযোগ, এ বিষয়ে তিনি কথা বলার একপর্যায়ে ১ নম্বর অভিযুক্তের নির্দেশে অন্যরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তার সঙ্গে থাকা সাইড ব্যাগ থেকে নির্মাণকাজের বিল বাবদ ৬ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া তার পকেট থেকে ভাড়া বাবদ আদায় করা প্রায় ৫৭ হাজার টাকা এবং ব্যবহৃত একটি স্মার্টফোন, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়, টাকা ও মালামাল উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্তরা তাকে এবং তার মালিককে প্রাণনাশের হুমকি দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। ইসহাককে তার নিয়োগকর্তার ভাড়াটিয়ারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিকিৎসা শেষে বিষয়টি নিয়োগকর্তাকে জানানোর পর এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার বিষয়ে স্বজনদের সঙ্গে আলোচনা করে ২৪ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন মো. ইসহাক।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।